আর মাত্র ৬ দিন পর ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন। এই পরিস্থিতিতে সামনে এল চমকপ্রদ তথ্য। ইলন মাস্কের মালিকানাধীন সোশাল মিডিয়া এক্সের বহু ইউজারের দাবি, তারা এক্সে এআই দিয়ে তৈরি ছবিসহ এই নির্বাচন সংক্রান্ত বেশ কিছু ভুয়া তথ্য ছড়িয়েছেন। আর এর বিনিময়ে রোজগার করেছেন বিপুল অর্থ।
আজ (৩০ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, বহু এক্স হ্যান্ডল থেকে মার্কিন নির্বাচন সংক্রান্ত ভুয়া তথ্য প্রকাশ করা হচ্ছে। কোন কোন ইউজার নিজেরা কনটেন্ট তৈরি করছেন। আবার অনেকে সেটা শেয়ারও করছেন। আর সেজন্যও ২০০ থেকে ১ হাজার বা তারও বেশি ডলার মিলছে ইলন মাস্কের এক্স থেকে।
বিবিসির দাবি, নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস দুইজনের নামেই ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। বাদ যাচ্ছেন না স্বতন্ত্র প্রার্থীরাও। আর যে সব প্রোফাইল থেকে তা করা হয়েছে, তারা কেউই সরাসরি মার্কিন রাজনীতিকদের নিয়ন্ত্রিত ভোটপ্রচারের সঙ্গে যুক্ত নয়। এই ইউজাররা একে অপরের পোস্টও শেয়ার করছেন। গ্রুপ চ্যাট থেকে ফোরাম, সর্বত্রই তা শেয়ার করা হচ্ছে।
এদিকে নভেম্বরের ৫ তারিখে ভোটের দিন হলেও, যুক্তরাষ্ট্রের ৪৭টি রাজ্যে অনেক আগেই ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। একে বলে ‘আর্লি ভোট’। লাখ লাখ মানুষের ভোটদান হয়ে যাওয়ার পর যে সর্বশেষ জনমত সমীক্ষা প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে প্রায় সমান অবস্থানে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিস।








