মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল র্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পুনর্বিন্যাসের অংশ হিসেবে স্থানীয় সময় বৃহস্পতিবার ২ এপ্রিল এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও সংশ্লিষ্ট এক ব্যক্তি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা বিভাগকে ঢেলে সাজাতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন পিট হেগসেথ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা নীতিকে বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেনারেল ও অ্যাডমিরালদের অপসারণ করা হচ্ছে।
তবে জেনারেল র্যান্ডি জর্জের আকস্মিক বিদায়ের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। পেন্টাগন একে ‘অবসর’ হিসেবে উল্লেখ করলেও, তার দায়িত্বকাল শেষ হতে এখনো এক বছরের বেশি সময় বাকি ছিল।








