একসময় বার্সেলোনা জার্সিতে রোমাঞ্চ ছড়িয়েছেন জুটি বেধে, এখন মিয়ামিতে জুটি গড়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ক্লাব ফুটবলের অন্যতম সফল জুটির বন্ধুত্ব গভীর মাঠের বাইরেও। এই জুটিকে এবার দেখা যাবে নতুন রূপে, নতুন মঞ্চে। উরুগুতে ক্লাবের মালিকানা কিনেছেন দুজনে।
উরুগুয়ের কিংবদন্তি ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ঘোষণা দিয়েছেন, নিজ দেশে একটি পেশাদার ফুটবল ক্লাব গড়েছেন। ক্লাবটির নাম ‘এলএসএম’, যেখানে তার সঙ্গে যুক্ত হচ্ছেন বন্ধু মেসিও।
আগে ক্লাবটির নাম ছিল ‘দেপোর্তিভো এলএস’। নাম পরিবর্তন করে এখন থেকে মাঠে নামবে ‘এলএসএম’ নামে। ক্লাবটি শুরুতে খেলবে উরুগুয়ের চতুর্থ স্তরের পেশাদার লিগে।
২০১৮ সালে সুয়ারেজ জন্মভূমি উরুগুয়ের সিউদাদ দে লা কোস্টা-তে ‘দেপোর্তিভো এলএস’ নামের ক্লাবটি প্রতিষ্ঠা করেন। স্থানীয় প্রতিভা বিকাশ ও সমাজসেবামূলক প্রকল্পের মাধ্যমে এটিকে গড়ে তোলা হয়েছে।
৩৮ বর্ষী সুয়ারেজ উরুগুয়ের জাতীয় দল থেকে অবসর নিয়েছেন গত সেপ্টেম্বরে। মেসির সঙ্গে বার্সেলোনায় ছয় মৌসুম খেলার পর ইন্টার মিয়ামিতে দুবছর ধরে সতীর্থ। ক্লাবের ঘোষণা দেয়ার ভিডিওতে সুয়ারেজ বলেছেন, ‘দেপোর্তিভো এলএস আমার পারিবারিক স্বপ্ন, যেটা শুরু হয়েছিল ২০১৮ সালে। প্রায় ৩ হাজারের বেশি সদস্য নিয়ে আমরা বেড়ে উঠেছি। যে জায়গাকে আমি ভালোবাসি, যেখানে আমি বেড়ে উঠেছি, সেই উরুগুয়ে ফুটবলে কিশোরদের বেড়ে ওঠার সুযোগ করে দিতে চাই।’
ভিডিওতে লিওনেল মেসি বন্ধু সুয়ারেজের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি গর্বিত যে তুমি আমাকে বেছে নিয়েছ। সামনে এগিয়ে যেতে এবং সবচেয়ে বড় কথা এ বিষয়ে তোমার পাশে থাকতে আমি সবকিছু দিয়ে সাহায্য করতে চাই।’








