কানাডায় বসবাসরত বহু ভাষাভাষী সংস্কৃতির এবং নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে “বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা”র লোগো উন্মোচন করা হয়েছে।
কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে আগামী ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য দুই দিন ব্যাপী মেগা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন যথাক্রমে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী এবং সাধারণ সম্পাদক শুভ্র দাস। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি কয়েস চৌধুরী বলেন, কোভিড পরবর্তী দীর্ঘ বিরতির পর আমরা সবাই আবার একত্রিত হতে যাচ্ছি বাংলাদেশ ফেস্টিভ্যালের মধ্য দিয়ে। আমাদের সংস্কৃতির বলয় বহু ভাষাভাষী সংস্কৃতির মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের উদ্দশ্য।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সহ-সভাপতি কাজী জুনায়েদ বলেন, দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে আমাদের সাথে অন্যান্য প্রদেশ এবং শহরের প্রবাসী বাঙালিওরাও অংশগ্রহণ করবেন। এছাড়াও অন্যান্য সংস্কৃৃতির মানুষেরাও অনুষ্ঠানে যোগ দিবেন।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সাধারণ সম্পাদক শুভ্র দাস বলেন, বিশাল বাজেটের এই অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য শিল্পীগণ উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই আমরা কমিউনিটি থেকে ব্যপক সাড়া পেয়েছি। সকলের সহযোগিতা নিয়েই আমরা “বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩” সফল করে তুলতে চাই।
সাংস্কৃতিক সম্পাদিকা উম্মে তানিয়া ইপা বলেন, এই ফেস্টিভ্যালে যোগ দিতে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী সাবিনা ইয়াসমিন কানাডা আসছেন। এছাড়াও আমাদের অনুষ্ঠান এমনভাবে সাজানো হয়েছে, যাতে করে সব শ্রেনীর দর্শক মুগ্ধ হন।
দুই দিন ব্যাপী মেগা এই ফেস্টিভ্যালে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী সাবিনা ইয়াসমিন, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা এবং মুজাসহ আরো অনেকে উপস্থিত থাকবেন। ফেস্টিভ্যালের পৃষ্ঠপোষক ক্যালগেরির প্রেইরি ওয়েস্টার্ন কলেজ। মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস।







