সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করুক এমনটাই চাচ্ছে যুক্তরাষ্ট্র।
গতকাল (২ অক্টোবর) স্থানীয় সময় সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ব্রিফিংটির বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।
প্রেস ব্রিফিং-এ বাংলাদেশের নির্বাচন, ভিসা নীতি এবং গণমাধ্যম নিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাম্প্রতিক মন্তব্য সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে ম্যাথু মিলার বলেন, আমি গত সপ্তাহে যা বলেছিলাম তা একটু ভিন্ন ভাষায় বলতে চাই, আসলে বাংলাদেশের মানুষ যা চায় যুক্তরাষ্ট্র তাই চায়। শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
তিনি বলেন, বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মিডিয়া সবাই চাচ্ছে যে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, যেমনটা আমরা চাই। আমরা বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের নীতি ঘোষণা করেছি কারণ আমরা বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচনের আকাঙ্ক্ষাকে সমর্থন করছি।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না, শুধুমাত্র বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে তা নিশ্চিত করতে চায়।







