বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ডেভেলপমেন্ট অবজেকটিভ গ্র্যান্ট অ্যাগ্রিমেন্টের একটি ধারা সংশোধন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠ থেকে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। সুশাসন ও মানব উন্নয়নসহ ৩ খাতে বাড়তি ২০ কোটি ডলার দেয়ার চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুদান চুক্তির সংশোধনীতে বাংলাদেশের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন, আর যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান।
গত ৮ আগস্ট প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের কোনও মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।
চুক্তির সংশোধনী সইয়ের সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানসহ দু’দেশের সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ছিলেন।







