সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পেয়েছে লিটন দাসের দল। দ্বিতীয়টিতে সোমবার রাতে স্বাগতিকদের মুখোমুখি হবে টিম টাইগার্স। তার আগে বিসিবি জানাল, আমিরাতের সঙ্গে আরেকটি বাড়তি ম্যাচ খেলবে লাল-সবুজের দল।
বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি) সোমবার বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। সিরিজে নতুন করে যুক্ত হওয়া ম্যাচটি হবে মঙ্গলবার। আগের দুই ম্যাচের মতো শারজাহ ক্রিকেট স্টেড়িয়ামেই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিটি।
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে চলতি মাসের শেষদিকে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা আছে বাংলাদেশের। ভারত-পাকিস্তান সংঘাতের জেরে সফর ঘিরে যদিও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বর্তমানে ভারত-পাকিস্তান অস্থিরতা কিছুটা শিথিল থাকায় টাইগারদের পাকিস্তান সফরে জেগেছে আশার আলোও। এক্ষত্রে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে বিসিবি সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সরকারের দিক থেকে দেয়া হয়েছে সবুজ সংকেত। সূচি অনুযায়ী, আগামী ২৫মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে সিরিজটি হওয়ার কথা রয়েছে।







