সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ঘরের মাঠে জয় দিয়ে সিরিজ শুরু করেছে টাইগার যুবারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয়া আরব আমিরাত ৪৬.৪ ওভার ব্যাট করে ১৬৩ রানে থামে। জবাবে ৩৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশের যুবা দল।
সফরকারীদের সর্বোচ্চ ৪৯ রান আসে মুহাম্মদ রায়ান খানের ব্যাটে। ৮৭ বলে ৪৯ রান করে রানআউট হয়ে ফিরে যান। ২৬ বলে ২৬ রান করেন ইয়ায়িন কিরণ রায়। ৪০ বলে ২৬ রান করে ফিরে যান উইকেটরক্ষক-ব্যাটার মাধব মনোজ নাইর। বাকিদের কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি।
টাইগার যুবাদের হয়ে সাদ ইসলাম রাজিন ৭.৪ ওভার বল করে ৩২ রান খরচায় ৪ উইকেট নেন। রাফিউজ্জামান রাফি ১০ ওভারে ৩২ রান খরচায় নেন ৩ উইকেট।
রানতাড়ায় নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ২ রান করে ফিরে যান। দ্বিতীয় উইকেট জুটিতে ১২৬ রান যোগ করেন রিফাত বেগ ও আজিজুল হাকিম তামিম। ১৩৮ রানে রিফাত ফিরে গেলে জুটি ভাঙে। ৭৯ বলে ৭১ রান করেন। কালাম সিদ্দিকী অ্যালেনকে নিয়ে জয় নিশ্চিত করেন আজিজুল। যুবা অধিনায়ক ৯৫ বলে ৭১ রান করেন। কালাম অপরাজিত থাকেন ১৯ বলে ৬ রানে।
আরব আমিরাতের হয়ে একটি করে উইকেট নেন আরিয়ান সাক্সেনা ও আলিআজগর শামস।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ৪ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ গড়ানোর কথা ছিল রাজশাহীতে। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি ভেসে যায়, দ্বিতীয় ম্যাচটি সরিয়ে আনা হয় ঢাকায়। বুধবার সকাল ৯টায় মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ম্যাচ।







