ভারতের মুম্বাইয়ে নতুন বছর ২০২৬ এর সূচনা হলো অপ্রত্যাশিত বৃষ্টির মধ্য দিয়ে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বিভিন্ন অংশে ভোরে মৌসুমবহির্ভূত বৃষ্টিপাত হয়েছে।
আজ (১ জানুয়ারি) বৃহস্পতিবার ভোর ৬টার কিছু আগে থেকে বৃষ্টি শুরু হয়। শহরের কয়েকটি এলাকায় বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হলেও অনেক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। সকাল ৬টা ১৫ মিনিটের পর ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমে আসে।
নতুন বছরের প্রথম দিনে সূর্যের আলোয় দিন শুরু হওয়ার বদলে বিশেষ করে মুম্বাইয়ের দ্বীপাঞ্চল (আইল্যান্ড সিটি) এলাকায় বাসিন্দারা বৃষ্টিভেজা সকাল উপভোগ করেন। অপ্রত্যাশিত এই আবহাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান অনেকেই।
একজন এক্স ব্যবহারকারী লেখেন, “২০২৬ সালের প্রথম দিনেই বৃষ্টি হবে, তা কে ভেবেছিল!” আরেকজন লেখেন, “মৌসুমবহির্ভূত বৃষ্টির মধ্য দিয়ে ২০২৬-কে স্বাগত জানাচ্ছে। তবুও আবহাওয়া বেশ মনোরম।”
মুম্বাইয়ের অনেক বাসিন্দা জানান, মৌসুমবহির্ভূত এই বৃষ্টিতে শহরের আবহাওয়া বেশ আরামদায়ক হয়ে উঠেছে এবং নতুন বছরের সকালে এক ভিন্ন অভিজ্ঞতা যোগ করেছে।








