ঘূর্ণিঝড় রেমাল’র প্রভাবে অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তত ৩টি গ্রাম প্লাবিত হয়েছে এবং উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের উপর গাছ ও মাটি ধসে পড়ার কারণে মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়া সড়কে মাটি সরাতে উপজেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগ কাজ শুরু করেছে বলে জানান তিনি।
এ ছাড়া রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দীঘিনালা সড়কে ১০টি স্থানে ছোট বড় পাহাড় ধসে সকাল থেকে সারাদেশের সাথে বাঘাইছড়ির যানচলাচল বন্ধ রয়েছে। পাহাড় ধসের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
এদিকে, সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজার তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছে প্রায় শতাধিক পর্যটক। একটানা ভারী বৃষ্টিপাতের কারণে কাচালং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাঘাইছড়ির নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বহু রাস্তাঘাট, ঘরবাড়ি, স্কুল, মাছের পুকুর ও কৃষি জমি।








