ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজ মৌসুমের প্রস্তুতি শুরুর অংশ হিসেবে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
খালিজ টাইমস জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলকদ বা ২০২৬ সালের ১৮ এপ্রিলের মধ্যে ওমরাহ ভিসাধারীদের সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। প্রতি বছরের নিয়ম অনুযায়ী, ওমরাহ মৌসুম শেষ হওয়ার পরবর্তী সময়টিতে হজ আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।
নির্ধারিত সময়ের পর কেউ সৌদি আরবে অবস্থান করলে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
ওমরাহযাত্রীদের সুশৃঙ্খলভাবে দেশে ফেরত পাঠানো এবং আসন্ন হজযাত্রীদের আগমনের সুবিধা নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
প্রতি বছর রমজানের পর জিলকদ মাস থেকেই সৌদি আরব হজ মৌসুমকে সামনে রেখে বিশেষ কার্যক্রম শুরু করে, যার অংশ হিসেবেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।







