এডেরসন ও ইয়াসিন বুনোকে হারিয়ে সেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াসিন ট্রফি’ জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। অনবদ্য পারফর্ম্যান্স ও দুর্দান্ত কিছু সেভে কাতার বিশ্বকাপে ছিলেন আর্জেন্টিনার শিরোপা জয়ের নায়ক। কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে টাইব্রেকারেও অপ্রতিরোধ্য ছিলেন আলবিসেলেস্তে গোলকিপার।
সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্যালন ডি’অর পুরস্কারের মঞ্চে ইয়াসিন ট্রফি বিজয়ীর নাম ঘোষণা করা হয়। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন বিশ্বকাপ জয়ী আলবিসেলেস্তে তারকা। বাবার হাত থেকেই গ্রহণ সেরার পুরস্কার।
ফিফা দ্য বেস্ট নির্বাচিত বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলকিপার কাতার বিশ্বকাপে ছিলেন অনন্য। ৭ ম্যাচে ক্লিনশিট রেখেছিলেন ৩টি ম্যাচে। সেই সঙ্গে নক আউট পর্বে টাইব্রেকারে ছিলেন জয়ের নায়ক।
গ্রুপপর্বে বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর সঙ্গে ফ্রি কিকে নিশ্চিত গোল সেভ করে বাঁচিয়ে রেখেছিলেন ম্যাচ। শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ মিনিটে দারুণ সেভ করে দলকে উর্ত্তীণ করেন কোয়ার্টারে।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে সেভ করেছিলেন দুটি শট। সেমিফাইনালেও ছিলেন অপ্রতিরোধ্য।
ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৩-৩ গোল সমতার পর ১২৩ মিনিটে কুলু মুয়ানির শট ঠেকিয়ে দলকে অনিবার্য হার থেকে রক্ষা করেন মার্টিনেজ। টাইব্রেকারে নিজে সেভ করেন একটি শট। মাইন্ড গেমে হারিয়ে কিংসলে কোম্যানও বঞ্চিত করেন জালের দেখা পেতে। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। সেইসঙ্গে কাটে ৩৬ শিরোপা খরা।
অনবদ্য পারফরমেন্সে আসরের সেরা গোলকিপার হয়ে জিতেছেন গোল্ডেন গ্লাভস। ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরস্কারের পর এবার জিতেছেন ইয়াসিন ট্রফি।








