পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
সংগঠনটির একাংশের নেতারা বলেছেন, বারবার নাম পরিবর্তনের এই প্রবণতা দেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল।
এক যৌথ বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে সরকারের কাছে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটি অবিলম্বে পুনর্বহালের দাবি জানান। একইসঙ্গে তারা সাংস্কৃতিক বিষয়ে কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান।
তাদের বক্তব্যে উল্লেখ করা হয়, আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে যে শোভাযাত্রার সূচনা, তা সময়ের পরিক্রমায় ‘মঙ্গল শোভাযাত্রা’ হিসেবে দেশ-বিদেশে স্বীকৃতি পেয়েছে। ২০১৬ সালে ইউনেস্কো এই আয়োজনকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়, যা এর আন্তর্জাতিক গুরুত্বকে আরও সুদৃঢ় করে।
বিবৃতিতে বলা হয়, ‘মঙ্গল’ শব্দটি কেবল একটি নাম নয়; এটি অশুভের বিরুদ্ধে শুভের জয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক। এই শব্দ অপসারণ মানে সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়া এবং ঐতিহাসিক ধারাবাহিকতাকে অস্বীকার করা।
নেতারা আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতি বহুত্ববাদ, সহনশীলতা ও মুক্তচিন্তার ওপর দাঁড়িয়ে বিশ্বে সমাদৃত। সেই চেতনাকে অক্ষুণ্ণ রাখা সকলের নৈতিক দায়িত্ব। তাদের মতে, এই ঐতিহ্য রক্ষা করা শুধু সাংস্কৃতিক দায় নয়, বরং জাতির অস্তিত্ব ও পরিচয়ের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।







