শ্যামলীতে ট্রাক চাপায় ২ নারী নিহত

রাজধানীর শ্যামলীতে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে দুই কিশোরী।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত পৌনে পাঁচটার দিকে শ্যামলী স্কয়ারের সামনের পদচারী–সেতুর নিচে এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানা–পুলিশ এই তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যের বরাত দিয়ে পুলিশ বলছে, দৌড় দিয়ে সড়ক পার হওয়ার সময় দুজন ট্রাকের চাপায় পিষ্ট হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, নিহত দুজনের মধ্যে একজনের নাম মুক্তা বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ২০ বয়স। আরেকজনের নাম জানা যায়নি। সে বয়সে কিশোরী। দুজনই সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। একজনের মৃত্যু ঘটনাস্থলে হয়। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।
‘একজন জীবিত অবস্থায় তার নাম বলে গেছে-মুক্তা। ঘটনাটি ভোরবেলা হওয়ায় যে ট্রাকটি চাপা দিয়েছে সেটি আটক করা যায়নি।’
ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
ওসি আব্দুল হালিম বলেন, বেপরোয়া গতির ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






