মালয়েশিয়ার সেশনস কোর্টে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের জন্য দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন, মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)।
সংবাদমাধ্যম বারনামা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, মো. মামুন আলী “সাহিফুল্লাহ ইসলাম” নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন জানানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
অভিযোগ অনুসারে, ঘটনা ঘটেছে ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে। তাকে পেনাল কোডের ১৩০জে (১)(এ) ধারার অধীনে অভিযুক্ত করা হয়েছে। আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।
অন্য অভিযুক্ত রেফাত বিশাতকে গত ১০ জুলাই বিকালে সাড়ে ৪টায় লারকিন ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি বাড়িতে তার ফোনে আইএসের পতাকার ছবি রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাকে পেনাল কোডের ১৩০জেবি(১)(এ) ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত হতে পারে।
বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আনার পর ১২ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়েলা আব মানাফ ও নূর আইনানা রিদজওয়ান। তবে অভিযুক্ত দুজনের পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।










