মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী পেরিয়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার আগে এসব জাহাজ হরমুজ প্রণালী ও ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, জাহাজগুলোর মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং নয়টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ টন পণ্য বহন করছে ১৫টি জাহাজ। এর মধ্যে ১২টি ইতোমধ্যে বন্দরে পৌঁছেছে, বাকি তিনটি জাহাজ চলতি সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে।
এলএনজি জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম বলেন, এলএনজিবাহী চারটি জাহাজের চট্টগ্রাম বন্দরে পৌঁছানো প্রায় নিশ্চিত। তবে ‘লিবারেল’ নামে আরেকটি এলএনজিবাহী জাহাজ এখনো হরমুজ প্রণালির ভেতরে রয়েছে এবং প্রণালি অতিক্রমের অপেক্ষায় আছে।
পরবর্তী চালান নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেও জানান তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানের পাল্টা হামলায় হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তৈরি হয়। এতে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ঝুঁকির মুখে পড়েছে।







