ইউরোপ অঞ্চলের বাছাইয়ে পাঁচ ম্যাচ খেলে সবকটি জিতে গ্রুপে শীর্ষে রয়েছে স্পেন। এতে ১৯ গোল করার পাশাপাশি হজম করেনি একটিও। সর্বশেষ জর্জিয়ার বিপক্ষে বড় জয় তুলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দাপুটে পারফরম্যান্সে জর্জিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের খুব কাছে দে লা ফুয়েন্তের দল।
জর্জিয়ার মাঠ বরিস পাইচাদজে ডায়নামো অ্যারেনায় শনিবার রাতে জর্জিয়াকে ৪-০তে হারিয়েছে স্পেন। প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকল স্প্যানিয়ার্ডরা। জোড়া গোল পেয়েছেন মিকেল ওয়েরজাবাল। অন্য দুটি গোল করেছেন মার্টিন জুবিমেন্দি ও ফেররান তরেস।
শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় স্পেন। প্রথমার্ধে জর্জিয়ার জালে তিন গোল দেয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ১১ মিনিটে পেনাল্টি থেকে গোলে এগিয়ে দেন ওয়েরজাবাল। জাতীয় দল জার্সিত তার ৫০তম ম্যাচ ছিল। দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের।
২২ মিনিটে রুইজের পাস থেকে সহজে জাল খুঁজে নেন জুবিমেন্দি। ৩৪ মিনিটে ওয়েরজাবালের পাস থেকে তৃতীয় গোলটি করেন বার্সেলোনা তারকা তরেস। বিরতির পর ৬৩ মিনিটে হেডারে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়েরজাবাল। ৪-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
জর্জিয়াকে হারিয়ে বিশ্বকাপের খুব কাছে রয়েছে স্পেন। গ্রুপ ‘ই’র শেষ রাউন্ডে তুরস্কের বিপক্ষে জয় বা ড্র, এমনকি ১৫ গোলের কম ব্যবধানে হারলেও গ্রুপসেরা হয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে তারা। কারণ দুদলের গোল ব্যবধানে ১৪ গোল এগিয়ে রয়েছে স্পেন। গ্রুপের রানার্সআপকে খেলতে হবে প্লে-অফে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তুরস্ক।








