চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের প্রথম লেগে বেনফিকাকে হারিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে ওঠা বর্ণবাদ বিতর্ক। যে কারণে খেলা ১১ মিনিট বন্ধ ছিল।
দ্য লুজ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্লে-অফের প্রথম লেগে ১-০তে জিতেছে রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর আলোচনায় বর্ণবাদ-সংক্রান্ত অভিযোগ, যার জেরে দ্বিতীয়ার্ধে খেলা বন্ধ রাখতে হয়।
বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনিসিয়াস। ৫০ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে বল পান কাইলিয়ান এমবাপে। ডানদিক দিয়ে উঠে আসা এমবাপে বাঁ-পাশে ফাঁকা জায়গায় থাকা ভিনিকে পাস দেন। বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের বাঁকানো শটে দূরের কোণ দিয়ে বল জালে জড়ান তিনি। বেনফিকা গোলরক্ষকের নাগালের বাইরে থাকা নিখুঁত শটে এগিয়ে যায় রিয়াল।
গোল উদযাপনের পর হঠাৎ করেই ক্ষুব্ধ ও বিচলিত হয়ে পড়েন ভিনিসিয়াস। অভিযোগ ওঠে, বেনফিকার একজন তার প্রতি বর্ণবাদী মন্তব্য করেছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে রেফারিকে জানান এবং ক্ষোভে মাঠ ছেড়ে যান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রায় ১১ মিনিট খেলা বন্ধ রাখতে হয়।
উয়েফার নিয়ম অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে ম্যাচ রেফারি ফ্রানকইস লেতেজিয়ার ফিফার অ্যান্টি-রেসিজম প্রোটোকল চালু করেন। এক পর্যায়ে মনে হচ্ছিল, ম্যাচ আর চালানো সম্ভব হবে না। এ সময়ে ভিনিকে রিয়ালের ডাগআউটে বসে থাকতে দেখা যায়। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা আবার শুরু হয়। এ বিষয়ে ম্যাচ শেষে আনুষ্ঠানিক তদন্তের ইঙ্গিত দেয়া হয়েছে।
ঘটনার জেরে বেনফিকার কোচিং স্টাফের একজন সদস্যকে লাল কার্ড দেখানো হয়। একই রাতে আলাদা এক ঘটনায় দলের ম্যানেজার হোসে মরিনহোকেও মাঠ ছাড়তে হয়।
এসব ঘটনা ছাড়াও বিরতির পর যখন ভিনিসিয়াস বল স্পর্শ করেন, তখনই গ্যালারি থেকে শিস ও বিদ্রূপের শব্দ ভেসে আসে। একই ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়েন রিয়ালের আরেক তারকা এমবাপেও। ম্যাচের শেষদিকে পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। শেষ মুহূর্তগুলোতে গ্যালারি থেকে রিয়াল খেলোয়াড়দের দিকে পানির বোতলসহ বিভিন্ন বস্তু ছুঁড়ে মারা হয়, যা ম্যাচের পরিবেশকে আরও অস্বস্তিকর করে তোলে। স্টেডিয়ামে বর্ণবাদের শিকার হয়ে আগেও একাধিকবার কথা বলেছেন ভিনি।







