যুক্তরাষ্ট্রে চলমান অভিযানে গ্রেপ্তার অবৈধ অভিবাসীদের কিছু সংখ্যককে গুয়ান্তানামো কারাগারে পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি একটি এক্সিকিউটিভ অর্ডার সই করার সিদ্ধান্ত নিয়েছেন। ৩০ হাজার শরণার্থীকে গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর জন্য সেখানে শরণার্থী শিবির তৈরির নির্দেশ দেবেন তিনি। সামরিক এবং নিরাপত্তা মন্ত্রণালয়কে এই নির্দেশ দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। এদিন আরেকটি শরণার্থী বিষয়ক আইনে সই করেছেন ট্রাম্প। যার নাম ল্যাকেন রিলে অ্যাক্ট।
ট্রাম্প জানিয়েছেন, গুয়ান্তানামো বে জেলে যে শরণার্থী শিবির তৈরি করা হবে, সেখানে অপরাধপ্রবণ শরণার্থীদের রাখা হবে, যারা মার্কিন নাগরিকদের জন্য ভয়ের কারণ হতে পারে। এই ব্যক্তিদের অবৈধ এলিয়েন বলে অভিহিত করেছেন ট্রাম্প।
ট্রাম্পের কথায়, এই শরণার্থীদের মধ্যে কিছু লোক এত খারাপ যে তাদের আমরা কোনো দেশে ফেরতও পাঠাতে চাই না। কারণ, আমরা চাই না, তারা আবার ফিরে আসুক যুক্তরাষ্ট্রে।
কিউবার গুয়ান্তানামো উপসাগরে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি রয়েছে। সেই উপসাগরেরই একটি দ্বীপে অবস্থান গুয়ান্তানামো কারাগারের। ২০০২ সালে এ কারাগার তৈরির নির্দেশ দেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
গুয়ান্তানামো কারাগার বিশ্বের সবচেয়ে দুর্ভেদ্য ও নিশ্চিদ্র বন্দিশালাগুলোর মধ্যে একটি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী ও সন্ত্রাসীদের এ কারাগারে রাখা হয়।
গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন তিনি। নির্বাচনে জয়ের পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর সে দিনই এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।








