মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে হোয়াইট হাউসে বৈঠক অনুষ্ঠিত হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশন ও একাধিক কূটনৈতিক বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা শেহবাজের এই সফরের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে এই বৈঠক।
হোয়াইট হাউস জানিয়েছে, আজ (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বেশ কয়েকজন জ্যেষ্ঠ কূটনীতিক নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন। পাকিস্তান দূতাবাসের গণমাধ্যমকর্মীরা এবং পাকিস্তান থেকে সফর কাভার করতে আসা সাংবাদিকরাও ওয়াশিংটনে যাচ্ছেন।
পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও বৈঠকে শেহবাজের সঙ্গে থাকতে পারেন। এবছর শুরুর দিকে তিনি প্রথম পাকিস্তানি সেনাপ্রধান হিসেবে হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকের আমন্ত্রণ পেয়েছিলেন। বৈঠকে দেশটির রাজনীতি ও বন্যা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।








