সোর্স: ডয়চে ভেলে
দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন থেকেই নির্বাহী আদেশের মাধ্যমে সীমান্তে অভিবাসী অনুপ্রবেশ থামাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নব-নিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে, রোববার ওয়াশিংটনে সমর্থকদের নিয়ে বিজয় উৎসব পালন করলেন তিনি। সেখানেই ট্রাম্প বললেন, প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতি ও শক্তি নিয়ে কাজ করবেন।
ট্রাম্প তার সমর্থকদের বলেছেন, তিনি সীমান্তে অভিবাসীদের অনুপ্রবেশ পুরোপুরি থামিয়ে দেবেন। ভেনেজুয়েলা থেকে প্রচুর অভিবাসী আসা প্রসঙ্গে তিনি বলেছেন, ভেনেজুয়েলার অপরাধী গ্যাং ট্রেন দে অ্যারাগুয়ার সদস্যদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন।
ট্রাম্প বলেছেন, এরা খুবই রুক্ষ মানুষ। এরা আমাদের দেশকে নরক বানাচ্ছে। তিনি আরও বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রেসিডেন্ট হওয়ার পরই প্রথম কয়েক দিনে তিনি একের পর এক প্রশাসনিক নির্দেশ জারি করবেন।
তিনি বলেছেন, আমার প্রথম দিন হবে আপনাদের জন্য সেরা দিন, প্রথম সপ্তাহ হবে সবচেয়ে বড় সপ্তাহ এবং প্রথম একশ দিন হবে অসাধারণ প্রথম একশ দিন।
ট্রাম্প জানিয়েছেন, বাইডেনের আমলে নেয়া অনেক সিদ্ধান্ত তিনি বদলে দেবেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, সেনেটর রবার্ট কেনেডি এবং নাগরিক অধিকার নিয়ে লড়াই করা নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাসংক্রান্ত বাকি নথি তিনি প্রকাশ করবেন। ২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনো একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তখন বাছাই করা কিছু নথি প্রকাশ করা হয়।
নব-নিযুক্ত এই প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর মেয়েদের খেলাধুলো আর পুরুষরা নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি ট্রান্সজেন্ডারদের খেলাধুলোর জগতে অনেক বেশি সুযোগ করে দেবেন বলেও জানিয়েছেন।








