কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় যদি ইরান পুনরায় কোনো হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিয়েছেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেছেন, ইরানের হামলার ক্ষেত্রে কাতার বা যুক্তরাষ্ট্রের ওপর কোনো প্রভাব বা অনুমতি থাকুক বা না থাকুক, আমরা পুরো সাউথ পার্স গ্যাসক্ষেত্রকে প্রচণ্ড বিস্ফোরণে ধ্বংস করতে প্রস্তুত। এই পদক্ষেপের দীর্ঘমেয়াদি প্রভাব ইরানের ভবিষ্যতের ওপর পড়বে, তাই তা করতে দ্বিধা প্রকাশ করছি।
এর আগে বৃহস্পতিবার ভোরে কাতার এনার্জি তাদের কয়েকটি এলএনজি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে। হামলায় বড় ধরনের আগুন লেগেছে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি এবং ইরান যৌথভাবে মালিকানাধীন ‘সাউথ পার্স’ বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র। এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানি শক্তির প্রধান উৎস।








