যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে কানাডার অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে, কারণ কানাডা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম সরবরাহ করে।
আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে নিউ অরলিন্সে যাওয়ার সময় সাংবাদিকদের এই তথ্য জানান ট্রাম্প। তিনি আরও উল্লেখ করেন যে, এই সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপকারী দেশগুলোর পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে কানাডা, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্টিল বাণিজ্য অংশীদার।
২০১৮ সালে ট্রাম্প প্রথম মেয়াদে কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা স্টিলের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। এক বছর পর কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তি করে তিনি তাদের পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেন, তবে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্ক ২০২১ সাল পর্যন্ত বহাল ছিল।
এছাড়াও, ট্রাম্প গত জানুয়ারিতে কানাডা ও মেক্সিকোর সব পণ্যে ২৫ শতাংশ এবং চীনের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, যা ৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তিনি বলেছিলেন যে, এই দেশগুলো অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
তবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম পারদো ট্রাম্পকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এর ফলে ট্রাম্প ৩০ দিনের জন্য তাদের পণ্যের ওপর শুল্ক আরোপ স্থগিত করেন। তবে চীনের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়নি।
চীন এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। চীনের অর্থ মন্ত্রণালয় জানায়, ১০ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম ও কিছু স্বয়ংক্রিয় যানের ওপর ১০ শতাংশ শুল্ক বসবে।








