ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তার দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অনেক সাংসদ। ৯ বছর ধরে ক্ষমতায় আছে ট্রুডোর দল লিবারেল পার্টি। তবে এই দলের প্রতি ভোটারদের আগ্রহে ভাটা পড়েছে বলে সাম্প্রতিক জরিপ বলছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, বড়দিন ও নববর্ষের ছুটিতে ট্রুডো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন বলে জানিয়েছে তার দলের একটি সূত্র।
মূলত নিত্যপণ্যসহ সবকিছুর দাম বৃদ্ধি এবং আবাসন সংকটের কারণে ট্রুডো সরকারের জনপ্রিয়তা পড়তির দিকে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কানাডা থেকে আমদানি করা সব পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছেন৷ এই অবস্থায় সরকারি ব্যয় নিয়ে ট্রুডোর সঙ্গে মতভেদের জেরে গত সপ্তাহে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।
এরপরই সব বিরোধী দল জানিয়ে দেয়, ট্রুডোর সরকারকে হটাতে তারা একসঙ্গে কাজ করবে৷ শুল্ক আরোপ সংক্রান্ত মার্কিন হুমকি মোকাবিলার জন্য একটি স্থিতিশীল সরকার প্রয়োজন বলে মনে করছে তারা।
সবশেষ ২০২১ সালের নির্বাচনে ৩৩৮ আসনের মধ্যে ১৬০টি জেতে ট্রুডোর দল৷ কিন্তু এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৭০ আসন৷ তাই মাইনোরিটি সরকার পরিচালনা করছেন ট্রুডো৷ ২০২৫ সালের ২০ অক্টোবরের আগে পরবর্তী নির্বাচন হওয়ার কথা৷ তার আগে দলকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন লিবারের পার্টির নেতারা৷ সেই পথ তৈরি করতে ট্রুডোর পদত্যাগ করা উচিত বলে একমত হয়েছেন দেশটির ১০টি রাজ্যের মধ্যে সবচেয়ে জনবহুল অন্টারিও রাজ্যের ৫০-এর বেশি লিবারেল সাংসদ।
শনিবার তারা নিজেদের মধ্যে আলোচনা করে এমন সিদ্ধান্তে পৌঁছান বলে জানিয়েছে ক্যানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন সিবিসি৷ ট্রুডোর ঘনিষ্ঠ বলে পরিচিত লিবারেল সাংসদ চন্দ্রা আরিয়া বলেন, এই মুহূর্তে নেতৃত্ব পরিবর্তন আনা ছাড়া আর কোনো বিকল্প নেই।
ট্রুডো পদত্যাগ করলে লিবারেল পার্টির দায়িত্বে যারা আসতে পারেন, তাদের মধ্যে আছেন সদ্য পদত্যাগ করা অর্থমন্ত্রী ফ্রিল্যান্ড, পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি, উদ্ভাবন বিষয়ক মন্ত্রী ফ্রঁসোয়া-ফিলিপ শম্পানিয়া ও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। তবে পদত্যাগের ব্যাপারে এখনও আগ্রহ দেখাননি ট্রুডো৷ লিবারেল পার্টির একটি সূত্রের বরাতে দ্য গ্লোব অ্যান্ড মেল পত্রিকা জানায়, পরিবারের সঙ্গে বড়দিন পালনের পর ট্রুডো ছুটি কাটাতে ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে যাবেন৷
লিবারেল পার্টির একটি সূত্র গতসপ্তাহে রয়টার্সকে জানায়, বড়দিন ও নববর্ষের ছুটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন ট্রুডো।
জরিপ বলছে, নির্বাচনে বর্তমান বিরোধী দল কনজারভেটিভ পার্টির কাছে ট্রুডোর লিবারেল পার্টির ভরাডুবি হবে।
ট্রুডো পদত্যাগ না করলে অনাস্থা ভোটের ডাক দেওয়া হতে পারে৷ মার্চেই সেটি হতে পারে৷ সেই ভোটে ট্রুডোর হারা প্রায় নিশ্চিত।










