পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে শতাধিক যাত্রীসহ ট্রেনটি ছিনতাই করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
মঙ্গলবার (১১ মার্চ) সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তানে গুলিবর্ষণের পর একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করা হয়। এসময় হামলায় ট্রেনচালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাবাহিনীর সদস্যসহ অন্তত শতাধিক যাত্রীকে জিম্মি করা হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জিম্মি হওয়া ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে গিয়ে এখন পর্যন্ত ৬ সেনা নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির জঙ্গিরা।







