পবিত্র শবে কদরের রাত আজ। লায়লাতুল কদরের এই রাতেই পবিত্র কুরআন শরিফ নাজিল হয়েছিল। মুসলমানদের কাছে এই রাত অতি মহিমান্বিত।
লায়লাতুল কদরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
মাহে রমজানের শেষ ১০ দিনের যে কোন এক বেজোড় রাতই পবিত্র শবে কদরের রাত। তবে বেশীরভাগ আলেম-ওলামার মতে ২৬ রমজানের দিন শেষে ২৭এ রমজানের রাতই হচ্ছে মহিমান্বিত সেই রাত। এই রাতেই নাজিল হয়েছিল মুসলমানদের ইহকাল-পরকালের দিক নির্দেশনামূলক পবিত্র কুরআন শরিফ।
সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনহা থেকে পানাহ চাওয়ার রাত হিসেবে শবে কদরের রয়েছে অতুলনীয় মর্যাদা। পবিত্র কুরআনেই বলা আছে, ফজিলতের দিক দিয়ে এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাদিসে আছে, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, সে মাহে রমজানের কল্যাণ থেকেই বঞ্চিত হয়।
এশা এবং তারাবিহ্ নামাজ আদায়ের পর নফল ইবাদত, কুরআন তেলাওয়াত, জিকির-আসকারের মধ্য দিয়ে ফজিলতের এ রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে কদরের তাৎপর্য তুলে ধরে রাতভর মসজিদে মসজিদে বিশেষ বয়ান চলবে। পাপ থেকে মুক্তি আর সকলের মঙ্গল কামনায় করা হবে বিশেষ মোনাজাত।








