দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স নিয়ে অভিযোগ তুললেন নির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা জানিয়েছেন, অনলাইনে পেমেন্ট কেটে নেওয়ার পরও টিকিট কনফার্ম হয়নি!
স্টার সিনেপ্লেক্স এর বিরুদ্ধে এই অভিযোগ নতুন কিছু নয়। প্রায়শই এই আধুনিক সিনেমা হলটির অনলাইন টিকিট কাটা নিয়ে হয়রানিতে পড়েন দর্শকরা।
অভিযোগ তুলে অমি লিখেছেন, হটলাইনে যোগাযোগ করলে বলা হয়, “টাকা কেটে গেলে টিকিট কনফার্ম।” কিন্তু ফিজিক্যাল কাউন্টারে গিয়ে দেখা যায়, সার্ভারের ত্রুটির কারণে বুকিং কনফার্ম হয়নি। গ্রাহকদের জানানো হয়, কেটে নেওয়া টাকা সাত কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।
অমি প্রশ্ন তুলেছেন, “সার্ভার সমস্যা থাকলে কীভাবে পেমেন্ট কেটে নেওয়া হলো?” সময়ের অপচয়কে উল্লেখ করে লিখেছেন, “টাকার চেয়ে বড় বিষয় হলো সময়ের মূল্য।”
অমি এই ঘটনায় সিনেমা হলে গ্রাহক হয়রানি, দুর্নীতি ও অনিয়ম বন্ধের আহ্বান জানিয়েছেন।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দেখতে রাজধানীবাসী সবচেয়ে বেশি ভিড় জমাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখাতে। বহু দর্শক টাকা পরিশোধ করে টিকেট না পাওয়ার অভিযোগ এনেছেন।
সেই অভিযোগের প্রেক্ষিতে একদিন আগে সিনেপ্লেক্স তার ফেসবুক পেজে জানায়, প্রিয় দর্শক যদি অনলাইন টিকিটিং-এ কোনো সমস্যার সম্মুখীন হন, অনুগ্রহ করে আমাদের ইমেইল করুন [email protected]এ অথবা আপনার কন্টাক্ট নম্বর ও পেমেন্টের স্ক্রিনশটসহ আমাদের ইনবক্স করুন। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।
তবে এমন বার্তার পরও অনেকেই অনলাইনে বলছেন, টিকিট বুকিংয়ের টাকা কেটে নেয়া হলেও টিকিট প্রাপ্তির বিষয়টির কোনো সুরাহা হয়নি৷ শুধু তাই নয়, সেই পোস্টেও বহু মানুষ জানাচ্ছেন অভিযোগ৷








