বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি গুরুত্বপূর্ণ ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (৩০ আগস্ট) মিরপুর সেনানিবাসে আনুষ্ঠানিকভাবে ভবন তিনটির উদ্বোধন করা হয়। নবনির্মিত ভবনগুলো হলো ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এসব ভবন নির্মাণ করা হয়েছে।
ভবন উদ্বোধনের পর প্রধান অতিথি একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিইউপির পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।
উদ্বোধনী অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় বিইউপির স্বাধীনতা মিলনায়তনে। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। তিনি শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপাচার্যের লেখা ‘এডুকেটিং মাইন্ডস; অ্যাওয়েকেনিং কনশেন্স’ বইয়ের মোড়ক উন্মোচন করেন সেনাপ্রধান। পরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কার দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য শুধু একাডেমিক উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই এর প্রকৃত সাফল্য নিহিত।
আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকারও প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে তিনি বিইউপির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, নবনির্মিত তিন ভবনের মাধ্যমে বিইউপির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিইউপির সাবেক উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









