জনপদ

বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধু নিহত

বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধু নিহত

ছবি: বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ।

ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে সৌরভ, রিপন হাওলাদারের ছেলে তাওহীদ, ধামসর গ্রামের সবুজের ছেলে মোস্তাকিন। স্থানীয় লোকজন জানান, নিহত তিনজনই এ বছর একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং তারা পরস্পরের বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, ঢাকা থেকে বরিশালগামী মোটরসাইকেলটির সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। পরে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ হাইওয়ে ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উজিরপুর মডেল থানা পুলিশ, হাইওয়ে ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:নিহত ৩বরিশালবাস-মোটরসাইকেলমুখোমুখি সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…