ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ-ওমরার ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না, সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই।
তিনি বলেন, এখন থেকে টিকিট বুক করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিতে হবে। তিন দিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে এটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ- তিনগুণ দাম বাড়িয়ে দিবেন এটা আর হবে না।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ ক্ষেত্রে একটা নীতিমালা তৈরি করে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, কক্সবাজারে একটা আবহ বিরাজ করে আসছে বহুদিন ধরে। এখানে সাম্প্রদায়িকগত কোনো নৈরাজ্য, কোনো ভুল বুঝাবুঝি নেই। তাই এই মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্তের পয়গাম কক্সবাজারের ছড়িয়ে পড়বে।
তিনি বলেন, মসজিদটিতে বহুমাত্রিক কর্মযজ্ঞ রয়েছে। এখানে একসাথে ১ হাজার ১০০ মানুষ নামাজ আদায় করতে পারবেন। মহিলা ও শারীরিক, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও আলাদাভাবে অযুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে।
এছাড়াও গাড়ি পার্কিং, মৃতের গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা আছে মসজিদটিতে।
এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দিন আহমেদ, ঈদগাহ মসজিদের খতিব হাফেজ মাওলানা সোলায়মান কাসেমীসহ সরকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন।
উল্লেখ্য, সারাদেশে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। ইতোমধ্যে সাড়ে ৩০০ মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।







