সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলা এবং অপ্রয়োজনীয় ক্রয় থেকে বিরত থাকলে দেশে জ্বালানি তেলের কোনো সংকট দেখা দেবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ (২৫ মার্চ) বুধবার রাজধানীর সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সরকারের একমাসের কর্মকাণ্ড তুলে ধরতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বাজারে কোনো ঘাটতি নেই। অপ্রয়োজনীয় ক্রয় বাদ দিলে আর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চললে কোনো সমস্যা স্পর্শ করবে না।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী সংসদ অধিবেশনে ‘জুলাই যোদ্ধাদের’ দায়মুক্তি বিল পাসের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দিয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ মোট সাতটি খেলাকে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








