এবার ভাত খাইয়ে নয়, আঞ্চলিক গান ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ গানটি গেয়ে গেয়ে চট্টগ্রামের কয়েক তরুণ এক যুবককে দুই হাত বেঁধে পিটিয়ে হত্যা করেছে। পিটিয়ে হত্যার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ঘটনাটি গত ১৪ আগস্টের হলেও প্রকাশ্যে এসেছে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে।
২০ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যুবককে উড়াল সড়কের নিচে দুটি খুঁটির সঙ্গে বেঁধে গান গেয়ে তাকে মারধর করছে কয়েকজন তরুণ। যাকে মারধর করা হচ্ছে, ওই যুবকের নাম মো. শাহাদাত হোসেন। চট্টগ্রাম মহানগরের ২ নম্বর গেট মোড়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এই ঘটনা। ১৪ আগস্ট রাতে নগরীর প্রবর্তক এলাকা থেকে পুলিশ শাহাদাতের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পরদিন শাহাদাতের চাচা মো. হারুন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেছেন। এতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। নিহতের চাচা ফেসবুকে লাশের ছবি দেখে থানায় এসে মামলা করেন। তবে গান গেয়ে গেয়ে পিটিয়ে হত্যার শিকার যুবকটিই যে শাহাদাত, সেটি জানা গেছে গতকাল ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে শনাক্ত করার পর।
শাহাদাত হোসেন চট্টগ্রাম নগরীর ফলমণ্ডির একটি দোকানে চাকরি করতেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর মারধরের শিকার ব্যক্তি শাহাদাত বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী। যারা মারধর করেছে, তাদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।








