সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিক নিহত ও আটক করার ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সাংবাদিকদের স্বাধীন ও নিরবচ্ছিন্নভাবে তাদের কাজ করতে দেয়ার অধিকার সরকারকেই রক্ষা করতে হবে।
স্থানীয় সময় বুধবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
এসময় এক সাংবাদিক প্রশ্ন তুলে বলেন, আপনি যেমন গাজায় নিহত সাংবাদিকদের কথা বলছিলেন, সাম্প্রতিক দিনে বাংলাদেশে অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন এবং অনেকেই গ্রেফতার হয়েছেন এবং কেউ জানেন না তারা কোথায় আছেন। সাঈদ খান নামে আমার এক সহকর্মী আমার সংবাদ সংস্থার জন্য কাজ করতেন। তিনি এখন কোথায় আছেন কেউ জানে না।
জবাবে মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য আমরা দেখেছি, তার নিন্দা জানিয়েছি। বাংলাদেশ বা বিশ্বের যেকোনো দেশের সরকারের জনগণের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীন ও নিরবচ্ছিন্নভাবে কাজ করার অধিকার রক্ষা করতে হবে।








