দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে। এই সময় প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩২২ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকার বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বৃহস্পতিবার (১ জানুয়ারি) এই তথ্য প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিজয়ের মাস ডিসেম্বরের ৩১ দিনে প্রাপ্ত এই রেমিট্যান্স দেশের ইতিহাসে মাসভিত্তিক হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ। ডিসেম্বরজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ডলার রেমিট্যান্স। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ডলার।
এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি, ২২৯ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অন্যদিকে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৬৮ লাখ ডলার। তবে ডিসেম্বর মাসে মোট সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স দেশে আসেনি। এর মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক এবং চারটি বিদেশি ব্যাংক।
রেমিট্যান্স না আসা ব্যাংকগুলো হলো- বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি। পাশাপাশি বিদেশি খাতের আল ফালাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও ডিসেম্বরে কোনো রেমিট্যান্স পাঠাননি প্রবাসীরা।








