চীনের প্রধানমন্ত্রী লী কিংয়ের আমন্ত্রণে সে দেশে তিন দিনের দ্বিপাক্ষিক সফর আজ বুধবার মধ্যরাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭০৪) বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করে। বিমানটি বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে ঢাকা পৌঁছায়।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করার কথা ছিল। তার অসুস্থ কন্যা সায়মা ওয়াজেদকে দেখতে কয়েক ঘণ্টা আগে বেইজিং ত্যাগ করেন বলে এক সংবাদ ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।
৮ থেকে ১০ জুলাই পর্যন্ত চীন অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এবং প্রধানমন্ত্রী শি জিং পিংয়ের সাথে প্রতিনিধিদল পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্য সব অনুষ্ঠানসূচি সম্পন্ন করেন।
প্রধানমন্ত্রীর সফরের শেষ দিনে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দু’দেশ ২৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের কথা ঘোষণা করা হয়।








