সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত আল আহসা শহরের হুফুফ ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৯ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয়সহ মোট ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল ১৪ জুলাই বিকেল ৪টার দিকে আল আহসা ইন্ড্রাস্ট্রিয়াল সিটি এলাকার একটি সোফা কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯ জন অভিবাসী বাংলাদেশি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং আহত হয়েছেন আরও ২ জন।
দুর্ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার সাথে সাথে দেশটির বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নির্দেশে কাউন্সিলর মুহাম্মাদ রেজায়ে রাব্বী দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে গমন করেন। দূতাবাসের কর্মকর্তাগণ ঘটনাস্থল, হুফুফ কিং ফাহাদ হাসপাতাল মর্গ এবং সিভিল ডিফেন্স কার্যালয় পরিদর্শন করেন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধারকৃত বাংলাদেশি কর্মী বিপ্লব হোসেন ও মোঃ জুয়েল হোসেন দূতাবাস প্রতিনিধিকে জানান, একজন ভারতীয় নাগরিকের পরিচালনাধীন সোফা কারখানাটিতে ১৪ জন বাংলাদেশি কর্মী কাজ করতেন। শুক্রবার জুমার নামায শেষে খাওয়া দাওয়া করে কারখানার ওপরের আবাসনে কর্মীরা ঘুমিয়ে ছিলেন।
তারা বলেন, হঠাৎ নীচ থেকে আগুন আগুন চিৎকার শুনে তারা দুজন দ্রুত সিড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন, কালো ধোঁয়ায় অন্ধকারে প্রবেশপথ আচ্ছন্ন হয়ে যায়। তারা অনুমানের ওপর নির্ভর করে সুস্থ অবস্থায় বেরিয়ে আসতে পারলেও অন্যান্য সহকর্মীরা কালো ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা যান। তিনজন কর্মী ঘটনার সময় কারখানার বাইরে থাকায় আক্রান্ত হননি।
নিহত বাংলাদেশি কর্মীরা হলেন,
১) মোঃ রুবেল হোসাইন (পাসপোর্ট নম্বর: বিসি ০২৩৭০৫৫) পিতা- জফির উদ্দিন, ঠিকানা- বারইপাড়া, বাগমারা, রাজশাহী
২) মোহাম্মদ সাজেদুল ইসলাম (পাসপোর্ট নম্বর: এই ৬৩২৬৮৪১), পিতা- জমির, ঠিকানা- বারইপাড়া, বাগমারা, রাজশাহী
৩) আরিফ (ইকামা নম্বর: ২৫৩৫১৭৬৩৩৯), পিতা- মোঃ শাহাদাত হোসাইন, ঠিকানা- বারইপাড়া, বাগমারা, রাজশাহী
৪) মোঃ ফিরুজ আলী সরদার (পাসপোর্ট নম্বর: ইই ০৫৮১২৭৪), পিতা- মোঃ আনিসুর রহমান সরদার, ঠিকানা- বড় মাধাইমুরি, কাতিলা, বাগমারা, রাজশাহী
৫) মোহাম্মদ উবায়দুল (ইকামা নম্বর: ২৩৮৪১৯৭৮৯৯), পিতা- মোঃ দবির উদ্দিন, ঠিকানা- খাজুরা চান্দপুর, জনার্ধন বাটী, নলডাংগা, নাটোর
৬) বারেক সরদার (ইকামা নম্বর: ২২৪৭৪৩৯৮৫০), পিতা- রহমান সরদার, ঠিকানা- উদয়পুর, ভাংগা জাঙ্গাল, আত্রাই, নওগাঁ
৭) রমজান (ইকামা নম্বর: ২৪৭২৪৭০৫৮৮), পিতা- আইজাক প্রামানীক, ঠিকানা- ঝনঝনিয়া, শাহগুলা, আত্রাই, নওগাঁ
৮) সাইফুল ইসলাম (ইকামা নম্বর: ২৫২৯৯২২৩২৬), পিতা- মৃত আলাউদ্দীন, ঠিকানা- হেমায়েতপুর, বলিয়ারপুর, নগরকুন্দা, সাভার, ঢাকা
৯) মোঃ জুবায়েত ঢালী (পাসপোর্ট নম্বর: বি ডব্লিউ ০৬৭৩৪০৭), পিতা- ইউনুস ঢালী, ঠিকানা- সস্তান, ফাসিয়াটুলা, কালকিনি, মাদারীপুর
সৌদি আরবের বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি মৃতদের পরিবারের অভিপ্রায় অনুযায়ী মৃতেদেহসমূহ দ্রুত বাংলাদেশে পাঠানো বা স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য শ্রম কল্যাণ উইংকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সার্বিক সহায়তার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত। রিয়াদস্থ শ্রম কল্যাণ উইং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।







