বন্দুকের মুখে ডাকাতির শিকার হয়েছেন সাউথ আফ্রিকার পরিবহনমন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা এবং তার দেহরক্ষীরা। এই সময় ডাকাতরা চিকুঙ্গার মাথায় বন্দুক তাক করে রেখেছিল।
বিবিসি জানিয়েছে, তাকে বহনকারী গাড়িটির চাকা ফেটে গেলে তা পরিবর্তন করার জন্য মহাসড়কের পাশে থামার পর এই ডাকাতির ঘটনা ঘটে।
সিন্ডিসিওয়ে চিকুঙ্গা বলেছেন, সোমবার জোহানেসবার্গের দক্ষিণে একটি মহাসড়কে ভ্রমণ করছিলেন তিনি। এমন সময় গাড়ির একটি চাকা ফেটে যায়। চাকাটি প্রতিস্থাপন করতে দেহরক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে আসেন। আর তখনই ডাকাতরা সেখানে উপস্থিত হয়ে দেহরক্ষীদের জোর করে মাটিতে ফেলে দেয় এবং গাড়ির দরজা খুলে আমার মাথায় একটি বন্দুক দেখিয়ে আমাকে বেরিয়ে আসার নির্দেশ দেয়।
তিনি জানান, তারা নগদ অর্থের দাবি করেছিল। কিন্তু আমার কাছে কোনো নগদ অর্থ না থাকার কথা জানানোর পর ডাকাতরা গাড়ির মধ্যে তল্লাশি চালায়। তারা আমার ল্যাপটপ, ফোন এবং দেহরক্ষীদের অস্ত্র নিয়ে যায়। তারা আমার হাতের আংটি নেওয়ার চেষ্টা করলে আমি তাদের বলি, এটা আমার প্রয়াত স্বামীর দেওয়া একমাত্র জিনিস। আমি এটাকে অনেক মূল্য দেই। তিনি বলেন, আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি, আমরা বেঁচে আছি। তবে পুরো অভিজ্ঞতাটি ছিল খুবই বেদনাদায়ক।
এই বিষয়ে পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথ জানিয়েছে, পুলিশ এই নজিরবিহীন ঘটনার পর থেকে অনুসন্ধান শুরু করেছে।
সাউথ আফ্রিকায় দীর্ঘকাল ধরে গাড়ি ছিনতাই, অপহরণ, ভাঙচুর এবং ডাকাতির মতো ঘটনা ঘটে আসছে। কিন্তু একজন সরকারি মন্ত্রীর তার সশস্ত্র দেহরক্ষীসহ ডাকাতির সম্মুখীন হওয়া খুবই অস্বাভাবিক।








