মুক্তির শুরু থেকেই সব বিতর্ককে সঙ্গী করেই বক্স অফিসে রাজ করছে সুদীপ্ত সেন পরিচালিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির প্রথম সপ্তাহ শেষেও বক্স অফিসে সেই রাজত্ব বজায় রাখলো ছবিটি।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির আট দিনে এখন পর্যন্ত ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৯৪ কোটি রুপি। ফলে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ছবিটি যে আর বেশি সময় নিবে না তা আর বলার অপেক্ষা রাখে না।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট বলছে যে, ‘দ্য কেরালা স্টোরি’ তার অষ্টম দিনে ১২.২৩ কোটি আয় করেছে , যা সপ্তম দিনে (১২.৫০ কোটি)-র প্রায় সমান। এছাড়াও ছবিটি মুক্তির দিন শুক্রবার (৫ মে) ৮.০৩ কোটি দিয়ে প্রেক্ষাগৃহে দৌড় শুরু করেছিল। তারপর শনিবারে আয় ছিল ১১.২২ কোটি, রবিবার যা বেড়ে দাড়ায় ১৬.৪০ কোটি। এরপর প্রথম সোমবার আয় করে ১০.৭ কোটি, মঙ্গলবার তা হয় ১১.১৪ কোটি, বুধবার ১২ কোটি এবং বৃহস্পতিবার ১২.৫০ কোটি।
তাই তো স্বল্প বাজেটের এই ছবিটির সাফল্যকে ঘিরে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলেছেন, ছবিটির সংগ্রহ ‘অসাধারণ’ এবং ‘চোখ কপালে তোলা’র মতো। এদিকে ‘কেরেলা স্টোরি’ যে গতিতে বক্স অফিসে এগোচ্ছে, তাতে এটা যে খুব জলদি ছাড়িয়ে যাবে সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর আয়কে তা আর বলার অপেক্ষা রাখেনা।
হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবিটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।








