পর্যটন নগরী কক্সবাজারে পরিবহন খাতে শৃংখলা রক্ষা, যানজট নিরসন, ট্রাফিক অব্যবস্থাপনা রোধ এবং যাত্রী ও পর্যটকদের ভোগান্তি লাঘবের লক্ষ্যে কক্সবাজারে দেশের প্রথম ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার যাত্রা শুরু হয়েছে।
গতকাল (২৮ সেপ্টেম্বর) শুক্রবার রাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের প্রধান সড়কের সুগন্ধা পয়েন্ট মোড়ে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ডিজিটাল বাস সার্ভিস সেবার উদ্বোধন করা হয়।আধুনিক বাস ব্যবস্থাপনার উদ্যোগ হিসেবে পর্যটকসহ সাধারণ যাত্রীদের জন্য এই সেবা চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। যার ওয়েব ঠিকানা www.obtcoxsbazar.com।
কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ফিতা কেটে ও শ্বেত কপোত উড়িয়ে ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবার উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে হাজারও ভ্রমন পিপাসু মানুষের সমাগম ঘটে। দেশের অন্তত ৪০টিরও বেশী জেলার সাথে কক্সবাজারের বাস যোগাযোগ ব্যবস্থা রয়েছে। কক্সবাজারে ৯০টির বেশি পরিবহন প্রতিষ্ঠানের প্রায় ৮ শতাধিক বাস প্রতিদিন যাতায়ত করে।
তিনি বলেন, কিন্তু জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস পার্কিংয়ের ধারণ ক্ষমতা মাত্র ৭০টি। তাছাড়া বাস সার্ভিসগুলোর নিজস্ব কাউন্টার রয়েছে ২৫টির মত। এতে অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী উঠানামা, যানজট, ট্রাফিক অব্যবস্থাপনা, যাত্রী ও পর্যটকদের ভোগান্তির চিত্র নিত্যদিনের। মূলত, জেলার পরিবহন খাত ও ট্রাফিক বিভাগে শৃংখলা ফেরাতে ট্রাফিক পুলিশের এই উদ্যোগ। জেলা পুলিশের ট্রাফিক বিভাগ পর্যটন নগরীতে বাস পরিবহন সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ‘ডিজিটাল বাস ব্যবস্থাপনার’ উদ্যোগ নিয়েছে। যার নাম দেওয়া হয়েছে- অনলাইন বাস টার্মিনাল।
রহমত উল্লাহ জানান, অনলাইন বাস টার্মিনাল নামের এই ওয়েব ঠিকানা ব্যবহার করে পর্যটকসহ যেকোন যাত্রী দেশের যেকোন প্রান্ত থেকে নিজের পছন্দ মতো টিকিট সংগ্রহ করে নির্বিঘ্নে যাতায়ত করতে পারবেন। পাশাপাশি বাসের ফিটনেসসহ চালকদের তদারকি এবং মালিকদের জবাবদিহীতা নিশ্চিত করে যাত্রী সেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।
জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, পর্যটকদের কীভাবে হয়রানি ছাড়া কক্সবাজারে ঘুরে বেড়ানোর সুযোগ করে দেওয়া যায় ও ট্রাফিক বিভাগে শৃঙ্খলা আনা যায় সেই লক্ষ্য নিয়ে বেশ কিছুদিন আগে এই প্রকল্পের কাজ শুরু করেছিলাম। বর্তমান পুলিশ সুপার যেহেতু দীর্ঘদিন হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন, তাই উনার উৎসাহ ছিল সবচেয়ে বেশি। আশা করি এর মাধ্যমে সবাই সুফল ভোগ করবেন।
জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক নেতা খোরশেদ আলম শামীম, গ্রীন লাইন পরিবহন সার্ভিসের ইনচার্জ সুলতান আহমদ, পরিবহন সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদুল আলম ও কক্সবাজার ট্যুর অপারেটর এসোসিয়েশনের (টুয়াক) প্রতিষ্টাতা হাসিবুল ইসলাম বাদলসহ অনেকে।







