একাত্তরের গণহত্যার সহযোগী দলটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল

Elderly man in glasses speaking into a microphone during a formal event or press conference. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন কোন ধরনের ঝামেলা ছাড়াই সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী হলেও একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বলছে, একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা। ’৭১ সালে গণহত্যার সহযোগী ছিল দলটি, এখনও গণহত্যা করতে চায়।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আগামী দিনে দেশে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। দিনাজপুর-৪ আসনে জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন। তাকে দিনাজপুরে বিপুল ভোটে জয়যুক্ত করে উত্তরাঞ্চলে উন্নয়ন করার সুযোগ করে দিবেন।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ মো. আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে নির্বাচনী পথসভায় খানসামা বিএনপি নেতা আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, যুগ্ম আহ্বায়ক সাইদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, চিরিরবন্দর বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, আলহাজ মমিনুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।
পথসভায় দিনাজপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।






