তিনজন পুলিশ সুপারকে (এসপি) ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠিয়েছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপনে এই পুলিশ কর্মকর্তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ সুপাররা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী।
অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে: সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন এই আদেশে সাক্ষর করেছেন।








