সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে কমিটি করেছে সরকার। সোমবার বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান এ তথ্য জানান।
কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান সিনিয়র সচিব।
তিনি বলেন: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি করা হয়েছে।
যোগ করেন: এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সবার দাবি এবং চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়ে সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দেবে।
এদিকে ‘তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন’-শিরোনামে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশকে বড় ধরনের গুজব ছড়ানো হয়েছে, এটা ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত খবর বলে জানান তিনি।
এ ঘটনায় মঙ্গলবার অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ড. মো: মোখলেস উর রহমান জানান: জেলা প্রশাসক নিয়োগ নিয়ে আন্দোলন করায় ১৭ জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরমধ্যে ৮জনকে গুরুদণ্ড দেয়া হবে। এদের সকলেই উপ-সচিব।








