প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্তান হত্যার বিচার চেয়েছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদসহ ৩৪ শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।
গতকাল রোববার (২৮ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণকালে এই দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। এসেছিলেন রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারও।
আর কোন শিক্ষার্থী যাতে অকালে প্রাণ না হারায়, সেজন্য অভিভাবকদের সচেতন হতে অনুরোধ করেছেন নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। সাঈদের মা সাহস নিয়ে বলেছেন, এমন ছেলের মা হওয়া গর্বের। প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে সুষ্ঠু বিচারের প্রত্যাশায় সাঈদের পরিবার।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার শিকার হয়ে মারা যান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। সময়ের পরিক্রমায় থেমেছে আন্দোলন, হয়েছে কোটার সংস্কারও। পরিবারের কাছে আবু সাঈদের নামটি এখন শুধুই স্মৃতি।
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার শিকার হয়েছেন সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীরাও। একই দিনে তাদের পরিবারকেও চাকরিসহ আর্থিক সুবিধা দেয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার প্রধান।







