দেশে প্রবাসী আয় বাড়ানোর লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরে নগদ প্রণোদনার হার অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিদ্যমান ২.৫ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাবনা দেওয়া হয়েছে।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তিনি বাজেট পেশ শুরু করেন।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন: ২০২০-২০২১ অর্থবছরে দেশের প্রবাস আয়ে রেকর্ড ৩৬.১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। তবে ২০২১-২০২২ অর্থবছরের শুরু হতেই প্রবাস আয় কিছুটা হ্রাস পেতে শুরু করায় বৈধ পথে প্রবাস আয় প্রেরণকে অধিকতর উৎসাহ প্রদানের লক্ষ্যে আমরা এ খাতে প্রণোদনার হার ০.৫ শতাংশ বৃদ্ধি করে চলতি বছরের জানুয়ারিতে ২.৫ শতাংশে নির্ধারণ করেছি।
ইতোপূর্বে ৫ হাজার মার্কিন ডলারের অধিক প্রবাস আয় প্রেরণের ক্ষেত্রে উক্ত প্রণোদনার জন্য প্রেরণকারীর কাগজপত্রাদি বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ থেকে প্রেরণের বাধ্যবাধকতা ছিল। সম্প্রতি তা প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এ পদক্ষেপসমূহের কারণে সাম্প্রতিক মাসগুলোতে প্রবাস আয়ের প্রবাহ আবারো বাড়তে শুরু করেছে এবং আশা করা যায় যে, অতিসত্ত্বর প্রবাস আয়ে প্রবৃদ্ধির ধারা ফিরে আসবে।








