সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালে নির্বাচনের ফল পাল্টানোর ষড়যন্ত্র করার অভিযোগে করা মামলা স্থগিতের রায় দিয়েছেন জর্জিয়ার আপিল আদালত।
ডয়েচ ভেলে জানিয়েছে, জর্জিয়ার ফুল্টন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস ট্রাম্প ও তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন এবং মামলার জন্য নেথান ওয়েডকে স্পেশাল প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।
কিন্তু গত মার্চ মাসে ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেন, ওয়েডের সঙ্গে উইলিসের সম্পর্ক রয়েছে। সে কারণে এই মামলা থেকে উইলিসকে সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন তারা। তখন ফুল্টন কাউন্টির সুপিরিয়র কোর্ট জাজ স্কট ম্যাকাফি রায় দিয়ে বলেন, উইলিস মামলা চালিয়ে যেতে পারবেন। তিনি আরও বলেন, ট্রাম্পের আইনজীবীরা তার দেওয়া রায়ের বিরুদ্ধে জর্জিয়ার আপিল আদালতে যেতে পারেন।
পরে ট্রাম্পের আইনজীবীরা জর্জিয়ার আপিল আদালতে আবেদন করলে সেখানে ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন বিচারক। একই সাথে আদালত ম্যাকাফির দেওয়া রায় রিভিউ এবং যুক্তিতর্ক শোনার জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেছেন। মামলার রায় হতে পারে আগামী বছরের মার্চ মাসে। তার আগে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনু্ষ্ঠিত হবে। ফলে নির্বাচনের আগে এই মামলার রায় হচ্ছে না।







