ফেনী শহরের রাজাঝির দিঘী থেকে শুক্কুর মিয়া (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গাজীপুর সদর উপজেলার হাতিমারা এলাকার বাসিন্দা। নিহত শুক্কুর মিয়া পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন স্বজনরা।
নিহত শুক্কুর মিয়া কয়েকদিন আগে কাজের সন্ধানে গাজীপুর থেকে ফেনীতে যাবার পর আর ফেরেনি বলে জানান সহকর্মীরা।
ফায়ার সার্ভিস জানায়, ‘রাত ৯ টার দিকে ফেনী শহরের রাজাঝির দিঘীতে একজনের মরদেহ ভেসে ওঠার খবর পাই।তাৎক্ষণিক আমরা সেখানে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার মৃত্যু কিভাবে হয়েছে তা বলা যাচ্ছে না।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফওজুল আজিম বলেন, নিহতের স্বজন ও সহকর্মীরা হাসপাতালের মর্গে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। তার মৃত্যু কিভাবে হয়েছে, ময়নাতদন্তের পর তা জানা যাবে।








