জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দী গলিত লাশের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধরঞ্জী বাজার সংলগ্ন সামছুল ইসলামের বাড়ির গোসলখানার মেঝে সংস্কার কাজ করার সময় কর্মরত শ্রমিকরা কোদাল দিয়ে মাটি সরাতেই অর্ধপচা জিন্সের প্যান্ট ও বেল্ট দেখতে পায় এবং গর্ত থেকে লাশের পচা দুর্গন্ধ বের হতে থাকে।
এ অবস্থায় তারা ভয় পেয়ে কাউকে কিছু না বলে জায়গাটি মাটি চাপা দিয়ে বিষয়টি পাঁচবিবি থানাকে জানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক ও সিআইডি সদস্যরা লাশ উদ্ধার করেন।








