জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার অন্যতম আসামী মনিরুজ্জামান মনিরকে হাইকোর্টের দেয়া জামিন ২ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনে বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম মনিরের জামিন ২ অক্টোবর পর্যন্ত স্থগিত করে বিষয়টি ওইদিন শুনানির জন্য নির্ধারণ করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
এর আগে সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বহিষ্কৃত চেয়ারম্যান বাবুর জামিন ২০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করা হয়। এরপর ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম। এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জন ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করে।








