যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সম্মেলন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রোববার ২১ মে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেন তিনি।
এই ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত ৩০ দেশের সেনা প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ‘মহাকাশ হুমকি মোকাবিলা, স্থল বাহিনীকে ভবিষ্যৎ অপারেশনের জন্য প্রস্তুতকরণ, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীর আধুনিকায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সম্মেলনে যোগদানের পাশাপাশি সেনা প্রধান বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধানগণ ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। সাক্ষাতকালে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।








