বিএসইসি’র নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের অবৈধ আদেশ প্রত্যাহারসহ ৪ দাবিতে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ চেয়েছেন কর্মকর্তারা।
বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকেই সাইফুর রহমানের আদেশ প্রত্যাহার ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শোনা গেছে কর্মকর্তা-কর্মচারীদের।
কর্মকর্তাদের দাবিগুলো হলো: জরুরি মিটিং ডেকে নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরের অবৈধ আদেশ প্রত্যাহার করতে হবে, বিতর্কিত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের শোকজ বন্ধ করতে হবে এবং আগের শোকজসমূহ প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।
এছাড়াও রয়েছে, ১২৭ জনের নিয়োগের ব্যাপারে কমিশন কর্তৃক বিজ্ঞ আইনজীবী নিয়োগ এবং ৩ দিনের মধ্যে আপিল করে কমিশনের অবস্থান পরিস্কার করতে হবে, কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে অশোভন, অপেশাদারমূলক দুর্ব্যবহার বন্ধ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে।
এই ৪ দাবি না মানলে বিএসইসির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
উল্লেখ্য, গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে কমিশন। একইভাবে আরও কয়েকজনকে এই অবসর দেওয়ার পরিকল্পনা করে রেখেছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। যা নিয়ে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে তৈরি হয় চরম ক্ষোভ।








